০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ৩১ আগস্ট ২০২৬

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে জামায়াতের যুব সভা

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে জামায়াতের যুব সভা

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে ঘোষিত লং মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর যুব বিভাগ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় চাষাঢ়ার আন-নূর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনার সূচনা করবে। এ কর্মসূচির লক্ষ্য শুধু সরকার পতন নয়; জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের ওপর শাসক হয়ে নয়, বরং সেবক হয়ে কাজ করতে চায়।’

লং মার্চ সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে বাস্তবায়নে যুব নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়ে তিনি বলেন, চিটাগাং রোড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত নির্ধারিত এলাকায় শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পুরো রুটকে ৭-৮টি স্পটে ভাগ করে প্রতিটি স্পটে মূল দায়িত্বশীল ও সহ-দায়িত্বশীলদের অধীনে প্রয়োজনীয় সদস্যদের নিয়ে দল গঠন করা হবে।

তিনি আরও বলেন, লং মার্চে যেকোনো ধরনের প্ররোচনা এড়িয়ে পূর্ণ শৃঙ্খলা বজায় রাখতে হবে। নেতৃত্বের নির্দেশনা ও চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সর্বাত্মকভাবে সফল করতে যুবসমাজকে সুসংগঠিতভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়