০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ৩১ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভায় মাদক ও অস্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা

আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভায় মাদক ও অস্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা

নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, অবৈধ অস্ত্র ও অতীতের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “আজকের এই সভা কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়। গণঅভ্যুত্থানের পর মানুষ যে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, তা অক্ষুণ্ন রেখে দলমত নির্বিশেষে একটি নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়াই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক চাহিদা ও অবকাঠামো উন্নয়নে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

নাগরিক সেবা ও যোগাযোগব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস, পানি ও বিদ্যুতের মতো নাগরিক সেবাগুলোর উন্নয়ন এবং অতীতের অনিয়ম দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। সড়ক ও রেল সংযোগ বাড়াতে ঢাকাকে কেন্দ্র করে ইনার ও আউটার সার্কুলার রোড এবং ইস্ট-ওয়েস্ট জোন বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটিতে রূপান্তর এবং ‘বিশেষ ক্যাটাগরি’র জেলা করার দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে।

মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক আইনকে মৃত্যুদণ্ডের বিধান রেখে আরও কঠোর করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “অতীতে নারায়ণগঞ্জে যারা খুন, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি চালিয়েছে, তাদের বিরুদ্ধে পুনর্তদন্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নেতৃত্বে বিগত দিনের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা এবং লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত তালিকা তৈরি করে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন হাতে তুলে নেওয়া বা সরকারকে বিব্রত করার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিহ্নিত স্পটগুলোতে র‌্যাব, বিজিবি, ডিবি ও পুলিশ সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়