জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন ফতুল্লা থানায় কর্মরত এসআই নন্দন চন্দ্র সরকার। শ্রেষ্ঠ এএসআই হয়েছেন বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান এবং শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন পুরস্কৃত হন। শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্তকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া ক্লু-লেস মামলা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখার এসআই এস.এম. আব্দুল আজিজ, বন্দর থানার এসআই ইয়াছিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ ও সোনারগাঁ থানার এসআই ইকরামউজ্জামানকে পুরস্কৃত করা হয়।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় রিজার্ভ অফিসের এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্টেবল মো. শাকিল, কনস্টেবল সালাহ উদ্দিন আহমেদ এবং জেলা বিশেষ শাখার ডিআইও কামরুল হাসান ও ওয়াচার কনস্টেবল নুর-ই-আলমকে পুরস্কৃত করা হয়।
পরে দুপুর ১২টায় জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































