শিক্ষার্থীদের অংশগ্রহণে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় শহরের দেওভোগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলের অডিটোরিয়ামে মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। পরে আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে শিশুদের জন্য আরও শিক্ষামূলক ও বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচারের প্রত্যাশা ব্যক্ত করে। অভিভাবকরা অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে নির্ভরযোগ্য সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন নিজস্ব অবস্থান তৈরি করেছে। তিনি এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা বলেন, গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত গণস্বার্থ রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। গত ১৫ বছরে মাছরাঙা টেলিভিশন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, গণমাধ্যমের দায়িত্ব সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা। তিনি আশা প্রকাশ করেন, সব পরিস্থিতিতেই গণমাধ্যম স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে দীপ্ত টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি গৌতম সাহার সঞ্চালনায় এবং মাছরাঙা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুলের অধ্যক্ষ উত্তম কুমার সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, দৈনিক প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ, মোহনা টিভির প্রতিনিধি আজমির ইসলাম, নাগরিক টিভির প্রতিনিধি সাজিত হোসেন সুজিত, মোয়াজ্জেম হোসেন সোহেলসহ গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।





































