সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় নিজ মালিকানাধীন জমিতে নির্মাণকাজে বাধা, অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল হাই ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া (৪৩) সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া ২০১৩ সালে ক্রয়সূত্রে সিএস ও এসএ ১৪০৬ এবং আরএস ৫৮২ নম্বর দাগভুক্ত ৩ শতাংশ জমির বৈধ মালিক হন। এরপর থেকে তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখলে রেখে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ৩ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ জমিতে বালু ভরাটের কাজ চলাকালে আব্দুল হাই (৬০), তার দুই ছেলে সেলিম (৩৫) ও জনি (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন সেখানে এসে নির্মাণকাজে বাধা দেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের নির্মাণকাজ করলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দুই দফায় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার জন্য তারিখ নির্ধারণ করলেও বিবাদী আব্দুল হাই ও তার পক্ষ উপস্থিত হননি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমি আমার জমিতে পুনরায় নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। তবে বিবাদীপক্ষ আবারও সংঘবদ্ধভাবে বাধা দিতে পারে। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।”
এ কারণে নির্মাণকাজ চলাকালে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, “অভিযোগের বিষয়ে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে বিবাদী আব্দুল হাই ও তার পক্ষ এখনো থানায় উপস্থিত হননি।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।





































