৩১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ১৭:৫৪, ৩০ জুলাই ২০২৬

সোনারগাঁর জলাবদ্ধ এলাকা পরিদর্শন

পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের আশ্বাস বিভাগীয় কমিশনারের

পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের আশ্বাস বিভাগীয় কমিশনারের

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় সাদিপুর ও জামপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কয়েক হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যের পুত্র খায়রুল ইসলাম সজীব সাদিপুর ও জামপুর ইউনিয়নের দীর্ঘদিনের পানিবন্দী মানুষের দুর্ভোগের বিষয়টি বিভাগীয় কমিশনারের নজরে আনেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাদিপুর ইউনিয়নের পার্শ্ববর্তী একটি পানি নিষ্কাশন পাইপ ড্রেনের উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে মো. মনিরুজ্জামান মিয়া বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ দূর করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাধারণ মানুষ জলাবদ্ধতা ও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “সাদিপুর ও জামপুরের মানুষের এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের মাধ্যমে এলাকাবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার সবসময় কাজ করছে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়