৩১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৬, ৩০ জুলাই ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক, পালালেন সহযোগীরা

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক, পালালেন সহযোগীরা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এক যুবককে আটক করেছে কাঁচপুর নৌপুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতি, একটি ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া স্কুলঘাট এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. রাজু আহম্মেদ (২৫)। তিনি বন্দর উপজেলার দক্ষিণ সোনাচড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

কাঁচপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত নদী টহলের সময় সোনাচড়া স্কুলঘাট এলাকার একটি পরিত্যক্ত ছাদবিহীন কক্ষে কয়েকজনের অবস্থান দেখতে পান পুলিশ সদস্যরা। তাদের ধাওয়া করলে কথিত ডাকাত ইয়ানবীসহ তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রাজুকে আটক করা সম্ভব হয়।

তিনি আরও জানান, আটক রাজুর কাছ থেকে একটি চাইনিজ চাপাতি, একটি ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বন্দর থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়