খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম আশার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার সরকারি খাল দখলমুক্ত করতে দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল না ছাড়লে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার খাল পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবুল কাউসার আশা বলেন, সরকারি খাল ও জমি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ দেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসনের সহযোগিতায় আইনানুগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, “গরিব মানুষ সাধারণত সরকারি খাল বা জমি দখল করে না। সমাজের কিছু প্রভাবশালী ভূমিদস্যু দীর্ঘদিন ধরে এসব সরকারি সম্পত্তি দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের নির্দেশনা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা হবে। আইনের দৃষ্টিতে ধনী-গরিব কিংবা প্রভাবশালী-অপ্রভাবশালীর মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা সরকারি খাল দখলমুক্ত করে খনন কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।





































