৩১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:০৩, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ১৬:৩১, ৩০ জুলাই ২০২৬

নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত

নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত

নতুন কোনো কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে বারোটায় নগরভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি নাসিকের ১৫তম বাজেট এবং প্রশাসক হিসেবে তার প্রথম বাজেট ঘোষণা।

গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সেই তুলনায় এবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে সর্বোচ্চ ৮৭৯ কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছিল ২০২৪-২৫ অর্থবছরে।

এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি, বরং ছাদবাগানিদের জন্য আগের ২৭ শতাংশ গৃহকর ছাড়ের সঙ্গে এবার আরও দুই শতাংশ যুক্ত করা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম।

তিনি বলেন, এবারের বাজেটে নাগরিক দুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৩০ কোটি টাকা। এতে ১৩০ কোটির বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে নিজস্ব রাজস্ব আয়কে গুরুত্ব দেওয়ার কথা জানালেও ৫২ শতাংশ আয় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সহায়তা হিসেবে দেখানো হয়েছে। এবং ৬৭ শতাংশ ব্যয়ও একই খাতের মধ্য থেকে ব্যয়ের কথা বাজেটে উল্লেখ করা হয়েছে।

তবে, রাজস্ব আদায় বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবল বাড়ানোর প্রতি নজর দেওয়ার কথা জানান সিটি প্রশাসক। রাজস্ব আদায়ের ৪৬ শতাংশ এই খাতের উন্নয়নের জন্য ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বাজেটে।

এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।

সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে রাজনৈতিক বিভাজন ও রশি টানাটানির কারণে নারায়ণগঞ্জ নগরী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে সেই পরিস্থিতি এখন আর নেই।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে সুখী, সমৃদ্ধশালী, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাসিকের তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দেড় বছর দু’জন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বে থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বিএনপি সরকারে এলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসকের চেয়ারে বসানো হয়। গত ছয় মাস ধরে তিনি দায়িত্ব পালন করছেন।

বাজেট ঘোষণার সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়