১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪২, ১৪ নভেম্বর ২০২৬

সোমবার বন্দরে আসছেন মুফতি আমির হামজা

সোমবার বন্দরে আসছেন মুফতি আমির হামজা

নারায়ণগঞ্জের বন্দরে আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে বাদ আসর থেকে এ মাহফিল অনুষ্ঠিত হবে। তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইসলামী বক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ওয়াজ ও তাফসির মাহফিলে বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া মুফতি আমির হামজা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা-সমালোচনায় রয়েছেন। বিশেষ করে তাঁর কিছু বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রবীণ রাজনীতিবিদ ও আলেমে দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।

তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং মুফতি আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ ইসহাক খান। এ ছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম মাহফিলে বক্তব্য রাখবেন।

আয়োজকরা মাহফিল সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়