১৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৩৯, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪০, ১৪ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে চারটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, বস্তুগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ বস্তু ফেলে রেখে যান। পরে কার্যালয়ে উপস্থিত ব্যক্তিরা সেগুলো পানিভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। একপর্যায়ে বস্তুগুলো পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল বলেন, “গতকাল রাত আনুমানিক ১০টার দিকে আমরা কার্যালয়ে বসে ছিলাম। এ সময় একটি অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ একটি বস্তু ফেলে রেখে চলে যায়। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে বিষয়টি দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বস্তুটি কী, তা নিয়ে সবার মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়। পরে সাহস করে সেটি পরীক্ষা করার চেষ্টা করা হলেও কেউ সরাসরি ধরতে রাজি হননি। একপর্যায়ে একটি বালতিতে পানি এনে বস্তুটি পানিতে ভিজিয়ে রাখা হয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো ধরনের বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় ধারণা করা হয়, এটি হয়তো তেমন বিপজ্জনক কিছু নয়। পরে বস্তুটি পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাইনি। পরে থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। পরে সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বস্তুগুলো আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বস্তুগুলো খুলে ফেলেন। কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এগুলো রেখে গিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়