শিক্ষিকাকে চড় মারার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক সহকারী শিক্ষিকাকে চড় মারাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আফজাল মোল্লার বিরুদ্ধে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। এর মধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি।
শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি।
অভিযুক্ত আফজাল মোল্লা ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
পরদিন বৃহস্পতিবার সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, ২০২৪ সালের ১০ থেকে ১২ আগস্টের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের নির্দেশে লাইব্রেরিতে প্রবেশ করেন আফজাল মোল্লা। সেখানে তাঁকে প্রথমে লাঞ্ছিত করা হয় এবং পরে কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা বাধা দিতে গেলে তাঁদের আওয়ামী লীগের দোসর বলে গালিগালাজ করে আফজাল মোল্লা চলে যান বলেও অভিযোগ করেন ওই শিক্ষিকা।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস বর্জন করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, “বিউটি আওয়ামী লীগের দালাল।”
এ বিষয়ে সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনে আর কথা বলতে রাজি হননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন পরিস্থিতি হবে, বুঝতে পারিনি।”
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, “ঘটনা তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।





































