বন্দরে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাবতলী ফুটবল একাডেমি
বন্দর নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সিরাজউদ্দৌলা ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গাবতলী ফুটবল একাডেমি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বন্দর নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মিয়া খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পাভেল খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কালাম, স্থানীয় সমাজকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি সিবু দাসসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন নিপু দাশ।





































