২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ২৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে দর্শকদের সঙ্গে ‘অন্যপাতা’ দেখলেন নির্মাতা-শিল্পীরা

নারায়ণগঞ্জে দর্শকদের সঙ্গে ‘অন্যপাতা’ দেখলেন নির্মাতা-শিল্পীরা

বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম, টানাপড়েন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অন্যপাতা’র প্রচারণায় নারায়ণগঞ্জে এসেছেন সিনেমাটির নির্মাতা ও শিল্পীরা। এসে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের পাশাপাশি নগরীর সিটি পার্কে প্রচারণামূলক ক্যাম্পিং করেন তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাতাল মেঝেতে অবস্থিত ‘সিনেস্কোপ’ নামে মিনিপ্লেক্সে সিনেমাটি দেখতে আসেন নির্মাতা ও শিল্পীরা। সেখানে দর্শকদের সঙ্গে বসে সিনেমা উপভোগ করেন তারা।

সিনেস্কোপ’র নির্বাহী পরিচালক রবি জানান, সিনেমাটির নির্মাতা ও শিল্পীরা দর্শকদের সঙ্গে বসে চলচ্চিত্রটি উপভোগ করেছেন। প্রদর্শনী শেষে প্রচারণার অংশ হিসেবে শিল্পী ও নির্মাতাদের নিয়ে সিটি করপোরেশন পার্কে ক্যাম্পিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক মো. শাহেজাহান এনি। তার সঙ্গে ছিলেন প্রযোজক, অভিনেতা, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিওপি ও সাউন্ড ডিজাইনার অংকন দে এবং প্রযোজক ও গায়ক সামস আবতাহি ইসমাম।

প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের ‘অন্যপাতা’ চলচ্চিত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম ও আত্মপরিচয়ের সন্ধানে একদল শিক্ষার্থীর জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

সিনেমাটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোহাম্মদ ইফতিখার।

সিনেমাটির সঙ্গে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী কাজ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়