নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পেল ‘মাস্তুল’
নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সিনেস্কোপে শুক্রবার (১৭ জুলাই) মুক্তি পেয়েছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘মাস্তুল’ (বিয়ন্ড দ্য মাস্ট)। মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই স্থানীয় দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে নির্মিত ও চিত্রায়িত চলচ্চিত্রটি সিনেস্কোপে প্রতিদিন চারটি শোতে প্রদর্শিত হচ্ছে। সিনেস্কোপ কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় চলচ্চিত্রটির প্রদর্শনী চলছে। দুপুর ১২টা ৩০ মিনিটের শোর টিকিটের মূল্য ২০০ টাকা এবং বাকি তিনটি শোর টিকিটের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিনেস্কোপের ব্যবস্থাপক রাশেদ রবি বলেন, ‘আজ থেকে আমাদের এখানে ‘মাস্তুল’ ছবির প্রদর্শনী শুরু হয়েছে। প্রথম দিন হিসেবে দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। যেহেতু এটি নারায়ণগঞ্জকেন্দ্রিক চলচ্চিত্র এবং পরিচালকও এই শহরের মানুষ, তাই ছবি দেখার পর দর্শকেরা এটি নিয়ে নানা ধরনের আলোচনা করছেন।’
চলচ্চিত্রটি দেখতে আসা দর্শক সুমন সাহা বলেন, ‘এই সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি ছিল। যেহেতু আমার নিজের শহরকে নিয়ে তৈরি সিনেমা, তাই মনে হয়েছে আমাদের শহরটাকে নতুনভাবে আবিষ্কার করা যাবে। গল্প বা কাহিনি যা-ই হোক, বড় পর্দায় নিজের শহরকে নতুনভাবে দেখতে পাওয়াটাই অন্যরকম ভালো লাগার।’
প্রচারণার ভিন্নতার কথা জানিয়ে আরেক দর্শক পিয়াল বলেন, শহরে মাইকিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির মুক্তির খবর জানতে পেরে কৌতূহল থেকেই তিনি সিনেমাটি দেখতে এসেছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মাস্তুল’ চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য, সম্পাদনা, সাউন্ড ডিজাইন, প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। মোহাম্মদ আবিদুজ্জামানের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আরিফ হাসান, আমিনুর রহমান মুকুল, সিকদার মুক্তি ও জুলফিকার চঞ্চল।





































