মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার আহ্বান আবদুল জব্বারের
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আবদুল জব্বার বলেন, শুধু চাইলেই সমাজে পরিবর্তন আসে না; পরিবর্তনের জন্য বাস্তব কাজ করতে হবে। সমাজ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে বর্তমানে অন্যায়-অবিচার চলছে। এ অবস্থা থেকে উত্তরণে তাদের মূল কাজ হলো—‘মাদক চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, দখলদারিত্ব চাই না; ভালো ও ইনসাফপূর্ণ সমাজ চাই’ এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলা।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও সিদ্ধিরগঞ্জ থানা আমির আলি আক্কাস রুমন। এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।





































