২৩ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৫, ২৩ জুন ২০২৬

আপডেট: ১৭:২৬, ২৩ জুন ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নারায়ণগঞ্জের নির্মাতা নূরুজ্জামানের ‘মাস্তুল’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নারায়ণগঞ্জের নির্মাতা নূরুজ্জামানের ‘মাস্তুল’

বাংলাদেশের চলচ্চিত্র সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের চলচ্চিত্র ‘মাস্তুল’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলছে।

আগামী ৫ সেপ্টেম্বর রাশিয়ার ঐতিহাসিক শহর কাজানে শুরু হতে যাচ্ছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’-এর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাস্তুল’।

কাজান উৎসব কর্তৃপক্ষ জানায়, মানবতাবাদ, সহমর্মিতা এবং মানুষের সংগ্রামের গল্পকে প্রাধান্য দিয়ে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নিয়ে বিশেষ বিভাগ গঠন করা হয়েছে। সেই নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যেই স্থান পেয়েছে বাংলাদেশের এই সিনেমা।

জলে ভাসমান জাহাজিদের জীবন, তাদের স্বপ্ন, অনিশ্চয়তা এবং মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা, সোয়েব মুনিরসহ অনেকে।

এর আগে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে ‘মাস্তুল’। মস্কো উৎসবের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পেতে শুরু করে সিনেমাটি।

সিনেমার পরিচালক নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি এ শহরের প্রথম অত্যাধুনিক মিনিপ্লেক্স ‘সিনেস্কোপ’ও প্রতিষ্ঠা করেছেন। তার নির্মিত ‘আম কাঠালের ছুটি’ সিনেমাও বেশ আলোচিত হয়েছিল।

এবারের ‘মাস্তুল’ নিয়ে পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ প্রদর্শিত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের উৎসব থেকে আমন্ত্রণ পাচ্ছি। গত মাসেই এটি চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এবার কাজান থেকে আমন্ত্রণ পেয়ে আমরা সবাই অত্যন্ত উৎসাহিত।”

শুধু রাশিয়াই নয়, ইউরোপের আরেক দেশ স্পেনেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ‘মাস্তুল’। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ২৪তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক ছবি’ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। উৎসব কর্তৃপক্ষ নির্মাতাকে অংশগ্রহণের জন্যও আমন্ত্রণ জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক উৎসবগুলোতে যে স্বীকৃতি পাচ্ছে, ‘মাস্তুল’ তার অন্যতম উজ্জ্বল উদাহরণ। স্থানীয় বাস্তবতা ও মানবিক গল্পকে বিশ্বজনীন ভাষায় উপস্থাপন করার সক্ষমতাই এ ধরনের চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলছে।

দেশের দর্শকদের জন্যও সুখবর রয়েছে। আন্তর্জাতিক উৎসব ঘুরে প্রশংসা কুড়ানো ‘মাস্তুল’ আগামী ১৭ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ফলে বিশ্বমঞ্চে আলোচিত এই চলচ্চিত্রটি এবার দেশের দর্শকদের কাছেও পৌঁছাবে।

সর্বশেষ

জনপ্রিয়