১২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ১২ জুলাই ২০২৬

শীতলক্ষ্যা পাড়ে চিত্রগ্রহণ: ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ার ১৪ জুলাই

শীতলক্ষ্যা পাড়ে চিত্রগ্রহণ: ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ার ১৪ জুলাই

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত চলচ্চিত্র ‘মাস্তুল’ এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ মুক্তিকে সামনে রেখে আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৬টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী ও সংবাদ সম্মেলন।

নদীতে ভাসমান জাহাজিদের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় মূলত তেলবাহী জাহাজে কর্মরত মানুষ ও নদীবন্দর এলাকার টুকরো গল্প উঠে এসেছে। এ সিনেমার চিত্রগ্রহণ করা হয়েছে শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায়।

আয়োজকরা জানান, সিনেমাটির প্রিমিয়ারের বিশেষ এই আয়োজনে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির পরিচালক, কলাকুশলী, দেশের শিল্প, সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা। প্রিমিয়ার প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন, যেখানে নির্মাতা ও কলাকুশলীরা চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর যাত্রা এবং দেশের প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, সম্পাদনা, সাউন্ড ডিজাইন, প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যাসহ আরও অনেকে।

আন্তর্জাতিক অঙ্গনে সফল যাত্রা শেষে ‘মাস্তুল’ আগামী ১৭ জুলাই ২০২৬ থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ

জনপ্রিয়