২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ২৭ নভেম্বর ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেও সংসদে ‘সংখ্যালঘুর’ প্রতিনিধিত্ব নেই

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেও সংসদে ‘সংখ্যালঘুর’ প্রতিনিধিত্ব নেই

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলা হলেও বাস্তবে দলিত, সংখ্যালঘু ও শ্রমজীবী মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ।

তিনি বলেন, বর্তমান সংসদে কোনো দলিত বা নমশূদ্র প্রতিনিধি নেই। নেই শ্রমিক, কৃষক কিংবা ট্রেড ইউনিয়নের কোনো প্রতিনিধিও। অথচ গণঅভ্যুত্থানে শহীদের বড় একটি অংশ ছিলেন শ্রমজীবী মানুষ। হিন্দু সম্প্রদায়ের মানুষও মারা গেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে দলিত বা তফসিলি জনগোষ্ঠীর নেতা যোগেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সাংস্কৃতিক সংগঠন ‘ধাবমান’র আয়োজনে ‘যোগেন মণ্ডল: বহুজনের ভূখণ্ড’ শীর্ষক এ সেমিনারে আরও বক্তব্য রাখেন দলিত সম্প্রদায়ের নারী সনু রানী দাস, লেখক ও সাংবাদিক রহমান সিদ্দিক। সংস্কৃতি কর্মী ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কবি কাজল কানন।

আলতাফ পারভেজ বলেন, “আমরা বলছি, চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আমরা ভোট দিতে পেরেছিলাম। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মাত্র চারজন নির্বাচিত হয়েছেন। দুজন হিন্দু এবং দুজন বৌদ্ধ সম্প্রদায়ের। ওই হিন্দুদের মধ্যে একজনও দলিত বা নমশূদ্র সমাজের নন।”

তিনি বলেন, এর আগের নির্বাচনগুলোকে অন্তর্ভুক্তিমূলক বলা যায় না। আগের একটি নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে ১৫ জন এবং তার আগের নির্বাচনে ১৯ জন সংসদ সদস্য ছিলেন। কিন্তু অন্তর্ভুক্তিমূলক বলে বিবেচিত নির্বাচনের পর সেই সংখ্যা নেমে এসেছে চারে। বাংলাদেশের ইতিহাসে, এমনকি পূর্ব পাকিস্তানের ইতিহাসেও, এবারই প্রথম সংসদে দলিত বা নমশূদ্র সমাজের কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ইতিহাস আড়াল করার অভিযোগ তুলে আলতাফ পারভেজ বলেন, ১৯৩৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদ ও গণপরিষদে তফসিলি ও দলিত জনগোষ্ঠীর উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল। কিন্তু বর্তমানে তাদের রাজনীতি ও ইতিহাসকে সচেতনভাবে আড়াল করার এক ধরনের ‘ডিনায়াল পলিসি’ চলছে। এমনকি যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্মভিটাতেও তাঁর স্মৃতিচিহ্ন নেই।

যোগেন্দ্রনাথ মণ্ডলের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তফসিলি জাতি বলতে মূলত সেই জনগোষ্ঠীকে বোঝানো হতো, যারা অস্পৃশ্যতার শিকার ছিলেন। যোগেন মণ্ডল ছিলেন তাদের নেতা। সমাজের প্রান্তিক মানুষের কথা বলার বৈধ জায়গা হিসেবে সংসদকে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সেখানে তাদের প্রতিনিধিত্ব না থাকলে তারা কথা বলবেন কোথায়?

দেশভাগের ইতিহাস চর্চায়ও দলিত ও তফসিলি জনগোষ্ঠীর ভূমিকা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন আলতাফ পারভেজ। তিনি বলেন, দেশভাগ নিয়ে আলোচনায় গান্ধী, নেহরু, জিন্নাহ, মুসলিম লীগ ও কংগ্রেসের ইতিহাস উঠে এলেও তফসিলি জাতির সংগ্রামের ইতিহাস সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগ থাকলেও যোগেন মণ্ডল কিংবা দলিতদের সংগ্রামের ইতিহাস নিয়ে যথেষ্ট চর্চা নেই।

তার মতে, এ ধরনের প্রেক্ষাপটে যোগেন মণ্ডলকে নিয়ে আলোচনা একটি প্রতিরোধের কাজ।

সংসদে শ্রমিক ও কৃষকদের প্রতিনিধিত্ব না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমাদের পার্লামেন্টকে শুধু তফসিলি জাতিমুক্ত করিনি, আমরা শ্রমিকমুক্তও করেছি। বর্তমান পার্লামেন্টে কোনো ট্রেড ইউনিয়ন নেতা, শ্রমিকদের প্রতিনিধি কিংবা কৃষকদের প্রতিনিধি নেই। অথচ, চব্বিশে শহীদের তালিকায় সবচেয়ে বেশি শ্রমিক।”

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নিজেদের ভূমিকা ও রাজনৈতিক এজেন্সি নিয়ে আলোচনা হলেও শ্রমিক ও কৃষকদের সংসদের বাইরে রাখা হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা বৈধভাবে নির্বাচিত হলেও তাদের ৮০ থেকে ৯০ শতাংশ কোটিপতি বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, দেশে প্রায় ছয় কোটি শ্রমিক এবং প্রায় ছয় কোটি কৃষক থাকলেও তাদের প্রতিনিধিরা সংসদে নেই।

আলতাফ পারভেজ দলিত পরিচয়কে শুধু জাতপাতের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে বলেন, আশুলিয়া ও নারায়ণগঞ্জের নিপীড়িত পোশাকশ্রমিকদেরও বর্তমান সময়ের দলিত হিসেবে দেখা যায়।

তিনি বলেন, সমাজের মূল দ্বন্দ্ব এখনো অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়