মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে কৃষকদলের দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। মহানগর কৃষকদলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে জুমার নামাজের পর হাজীগঞ্জ এম সার্কাস শাহী মসজিদ পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খান মসজিদটি সুন্দরভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। মসজিদের উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
বক্তব্যে তিনি বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সবাইকে প্রচলিত আইন মেনে চলতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে। দেশে আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তাঁর বিচার করবে। ডিসেম্বরকে ঘিরে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিগত সময়ের মতো কোনো ক্যাঙ্গারু আদালত হবে না।’
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে বিরোধী দল আমাদের সঙ্গে সহযোগিতামূলক অবস্থানে থাকবে—এটাই প্রত্যাশা। নারায়ণগঞ্জের মানুষ অনেক সচেতন, তাই ভয় পাওয়ার কিছু নেই। দিন কিংবা রাত, যেকোনো সময় একটি ফোন কল পেলেই আমরা মানুষের পাশে এগিয়ে আসব।’
মহানগর কৃষকদলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষকদলের মহিলাবিষয়ক সম্পাদক লিপি খন্দকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, সহসাধারণ সম্পাদক আরাফাত খন্দকার সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।





































