২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৯, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০৩, ২৭ নভেম্বর ২০২৬

খেলার মাঠ মাসব্যাপী মেলার জন্য ইজারা, ক্ষুব্ধ নগরবাসী

খেলার মাঠ মাসব্যাপী মেলার জন্য ইজারা, ক্ষুব্ধ নগরবাসী

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠ মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে প্রশাসন। মাঠে মেলার প্যান্ডেল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বাধা দিয়েছেন স্থানীয় শিশু-কিশোর, খেলোয়াড় ও সাবেক খেলোয়াড়েরা। ইজারা বাতিলের দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মাঠে মেলার প্যান্ডেল নির্মাণের জন্য বাঁশ আনা হলে স্থানীয়রা বাধা দেন। একপর্যায়ে তাঁরা চাষাঢ়া-আদমজী আঞ্চলিক সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও এলাকাবাসী জানান, কন্টেইনার পোর্ট নির্মাণের সামগ্রী রেখে দীর্ঘদিন ধরেই বরফকল মাঠের আয়তন সংকুচিত করা হয়েছে। এর মধ্যে মাসব্যাপী মেলার আয়োজনের জন্য মাঠে বিপুল পরিমাণ বাঁশ এনে প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খানপুর, তল্লা, আমলাপাড়া ও নবীগঞ্জসহ আশপাশের ৮ থেকে ১০টি মহল্লার বিপুলসংখ্যক শিশু-কিশোর ও তরুণ প্রতিদিন এ মাঠে খেলাধুলা করে।

তাদের দাবি, ওই এলাকায় খেলার মাঠ হিসেবে বরফকল মাঠটিই এখন অবশিষ্ট আছে। সেখানে এক মাস মেলা চললে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নষ্ট হবে। তাই তাঁরা কোনোভাবেই মাঠে মেলার আয়োজন মেনে নেবেন না।

প্রতিবাদে অংশ নেওয়া জাতীয় দলের সাবেক ফুটবলার ঈসাল উদ্দিন মাহমুদ বলেন, মাঠে প্যান্ডেল নির্মাণ করতে আসা লোকজন তাঁদের জানিয়েছেন, এক মাসের তাঁত ও বস্ত্র মেলার জন্য ২০ লাখ টাকার বিনিময়ে জেলা প্রশাসনের কাছ থেকে মাঠটি ইজারা নিয়েছেন তাঁরা। সরকার ও প্রশাসন যখন কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করছে, তখন খেলার মাঠ কীভাবে ইজারা দেওয়া হলো, তা তিনি বুঝতে পারছেন না।

ঈসাল উদ্দিন বলেন, জেলা প্রশাসক নতুন এসেছেন। হয়তো তিনি এলাকার মানুষের মনোভাব জানেন না। আশপাশের ৮ থেকে ১০টি মহল্লার শিশুরা এখানে খেলে। ২০১৬ সালে বিআইডব্লিউটিএ এখানে কোয়ার্টার নির্মাণের উদ্যোগ নিয়েছিল। স্থানীয়দের আন্দোলনের মুখে তা বাতিল হয়। আগে মাঠে গরুর হাট বসত। খেলাধুলার স্বার্থে সংশ্লিষ্টরা এখন আর সেখানে হাটের আয়োজন করেন না। তাহলে কার স্বার্থে এক মাসের জন্য মাঠটি ইজারা দেওয়া হলো? এই এক মাস শিশুরা কোথায় খেলবে?

মাঠটি খেলাধুলার উপযোগী রাখতে সেখানে সব ধরনের মেলার আয়োজন বন্ধের দাবি জানান তিনি।

মাঠ ইজারা দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, জেলা প্রশাসনের এই মাঠ ইজারা দেওয়া উচিত হয়নি। নারায়ণগঞ্জ শহরে এমনিতেই খেলার মাঠ নেই। শিশুরা খেলবে কোথায়? অবিলম্বে এই ইজারা বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, ‘মাঠের মালিক বিআইডব্লিউটিএ। তারা অনুমোদন দিয়েছে। পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ- সব প্রশাসন মিলেই এই মাঠ ইজারা দিয়েছে।’

মেলা চলাকালে শিশুরা কোথায় খেলবে, জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘বাচ্চারা মেলা শেষ হলে খেলবে।’

সর্বশেষ

জনপ্রিয়