মিতালী মার্কেটের ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আমির হোসেন বাদশার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং মার্কেটকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। রাতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হোসেন বক্তব্য দেন।
ব্যবসায়ীদের দাবি, গত ২৫ নভেম্বর দুপুরে সাইনবোর্ড এলাকার বাসিন্দা আমির হোসেন বাদশা মিতালী মার্কেট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত অবস্থায় আমির হোসেন বাদশাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মিতালী মার্কেট এলাকার ফারুককে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। তবে এখনো সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, মামলা ও চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন। ৫ আগস্টের পরও তাদের একটি অংশ মার্কেটে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও প্রশাসনের কাছে আমির হোসেন বাদশার ওপর হামলায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মিতালী মার্কেটকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানান।
বিক্ষোভ ও কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা পাপ্পু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।





































