২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০৪, ২৭ নভেম্বর ২০২৬

সমাজে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি বেড়েছে: টিপু

সমাজে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি বেড়েছে: টিপু

মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় ফেরাতে নারায়ণগঞ্জের বাবুরাইলে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টায় শহরের ১ নম্বর বাবুরাইল লেকপাড় সংলগ্ন মাঠে ১ নম্বর বাবুরাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমানে সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে। যুবসমাজ ও ছাত্রসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাঠে ফিরিয়ে আনতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘এখানে ৩২টি দল অংশ নিচ্ছে। আমি বাবুরাইল থেকেই রাজনীতি শুরু করেছি। বাবুরাইলবাসী সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমিদস্যুতার পক্ষে নয়। আমরা ক্রীড়াপ্রেমী ও সুনাগরিক গড়তে চাই।’

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে টিপু বলেন, বাবুরাইল একটি রাজনৈতিক এলাকা এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই মাঠে আগে অনেক খেলা হলেও বেগম খালেদা জিয়ার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কখনো হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এ ডে-নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ও সোহাগ ক্লাব মুখোমুখি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল হক চৌধুরী দিপু, আহ্বায়ক কমিটির সদস্য মো. মাকিদ মোস্তাকিম শিপলু, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব রহমান ও সহসভাপতি মো. আকতার হোসেন।

এ ছাড়া স্থানীয় সমাজসেবক আলহাজ মো. নাছির উদ্দিন, আলহাজ মো. আব্দুর রহমান লিটন, আলহাজ মো. শাহ নেওয়াজ শাহীন, মো. রফিকুল ইসলাম লাভলু, মো. শওকত বেপারী, মো. আবুল হাছান বাপ্পী, মো. আব্দুল মান্নান, মো. কামরুল হাসান দর্পন, মো. নাদিম বেপারী ও মো. বায়েজীদ হোসেন উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন জিরন, জামাল, মিঠুন, সানি, আবদুল্লাহ, মামুন, হৃদয়, আলিফ, আসলাম, আকরাম ও রুদ্র।

সর্বশেষ

জনপ্রিয়