১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ২৮ এপ্রিল ২০২৬

টাইলস-বাসনের গণ্ডি পেরিয়ে: সিরামিক শিল্পের ভিন্ন চর্চা

টাইলস-বাসনের গণ্ডি পেরিয়ে: সিরামিক শিল্পের ভিন্ন চর্চা

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ভুখণ্ড আর্ট স্পেসে ৫ দিনব্যাপী ‘রূপান্তর সিরামিকস’ কর্মশালা শেষ হয়েছে। গত ২২ এপ্রিল শুরু হয়ে কর্মশালাটি ২৬ এপ্রিল সমাপ্ত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দৃশ্যশিল্পী ও ভাস্কর বিশ্বজিৎ রায়। সিরামিক ও টেরাকোটায় কাজের জন্য বিশেষভাবে পরিচিত এই শিল্পী মাটি ও সিরামিককে আধুনিক ভাস্কর্যে রূপ দিতে দক্ষ। তার শিল্পকর্মে সুন্দরবনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একই সঙ্গে তিনি শিল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরেন। প্রকৃতি, পুরাণ ও সামাজিক-রাজনৈতিক ভাবনা তার কাজের মধ্যে একত্রে মূর্ত হয়ে ওঠে।

সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ও চিত্রাভা আর্ট গ্যালারির আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন শিল্পী অরূপ বড়ুয়া, আরিফুজ্জামান, খন্দকার নাসির আহমেদ, সুমন হালদার, অমল আকাশ, রাবেয়া বসরী নায়লা, মুনতাসীর মঈন, সুমনা আক্তার ও এ. হাসান।

কর্মশালার বিষয়ে সমগীতের আহ্বায়ক শিল্পী অমল আকাশ বলেন, “সিরামিকস সাধারণত বাসন, টাইলস বা ব্যবহারিক কাজে সীমাবদ্ধ থাকলেও এর আর্টওয়ার্ক নিয়ে কাজ তুলনামূলক কম হচ্ছে। এই কর্মশালায় আমরা সিরামিকের উপাদান তৈরি, এর ইতিহাস, সম্ভাবনা এবং পটারির বাইরের শিল্পভাবনা নিয়ে কাজ করেছি।”

তিনি আরও বলেন, “ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ৯ জন শিল্পী এতে অংশ নিয়েছেন। আমরা সিরামিককে শুধু ব্যবহারিক নয়, শিল্পের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এই কাজগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং আরও একটি কর্মশালা করার আগ্রহ তৈরি হয়েছে।”

শিল্পকর্মের বিষয়বস্তু প্রসঙ্গে অমল আকাশ জানান, এবারের কর্মশালায় অংশগ্রহণকারীদের কাজে প্রাণ-প্রকৃতি, মানুষ ও প্রকৃতির সম্পর্ক, লোকজ উপাদান, পুরাণ এবং সমসাময়িক সামাজিক বাস্তবতা উঠে এসেছে। কেউ বেহুলার মিথ, কেউ গাছের টেক্সচার, আবার কেউ সুফি-বাউল সংস্কৃতির ওপর সাম্প্রতিক আক্রমণের বিষয়টিও শিল্পের মাধ্যমে প্রকাশের চেষ্টা করেছেন। একতারা ভেঙে নতুন ফর্ম তৈরি, পাখি ও মানবজন্মের উৎস নিয়েও কাজ করা হয়েছে।

তিনি বলেন, “সিরামিক একটি অপার সম্ভাবনাময় মাধ্যম। চিত্রকলায় আমরা যা করি, তা সিরামিকেও রূপান্তর করা সম্ভব।”

উল্লেখ্য, সিরামিক একটি অজৈব, অ-ধাতব ও কঠিন উপাদান, যা কাদামাটি বা খনিজ পদার্থকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে তৈরি করা হয়। এটি ভঙ্গুর হলেও তাপ ও ক্ষয় প্রতিরোধী। ঘরোয়া তৈজসপত্র, ইট, টাইলস, স্যানিটারি ওয়্যারসহ বিভিন্ন শিল্পখাতে এর ব্যাপক ব্যবহার রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়