০৩ মার্চ ২০২৬

প্রকাশিত: ১৫:১০, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৭:২২, ২ মার্চ ২০২৬

একুশের বইমেলায় সাংবাদিক আব্দুল্লাহ খান মুন্নার উপন্যাস ‘লাল মাটি’

একুশের বইমেলায় সাংবাদিক আব্দুল্লাহ খান মুন্নার উপন্যাস ‘লাল মাটি’

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে টেলিভিশন উপস্থাপক, কৃষি বিষয়ক প্রতিবেদক ও দৈনিক সংবাদচর্চা'র সম্পাদক আব্দুল্লাহ খান মুন্নার নতুন উপন্যাস ‘লাল মাটি’। গ্রামীণ সমাজবাস্তবতা, রহস্য ও রাজনৈতিক অন্ধকার জগতের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস ইতোমধ্যেই পাঠকমহলে আলোচনার জন্ম দিয়েছে।

দীর্ঘদিন মাঠপর্যায়ে কৃষক ও গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা লেখকের এই উপন্যাসে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ‘লাল মাটি’তে উঠে এসেছে এক সংগ্রামী কৃষকের মর্মান্তিক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা, যার পেছনে রয়েছে গ্রাম্য রাজনীতির নির্মম ষড়যন্ত্র।

উপন্যাসটির প্রতিটি পৃষ্ঠা রহস্যে ঘেরা। অর্থের বিনিময়ে নারী ও শিশুকে বিক্রি, অমানবিক নির্যাতন, সমাজে মাদকের ভয়াল থাবা, অপসংস্কৃতির বিস্তার এবং নেশার মাধ্যমে যুবসমাজকে অনৈতিক কাজে ব্যবহার—এসব স্পর্শকাতর ও অন্ধকার বাস্তবতাকে সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন লেখক। ক্ষমতার দাপট আর টাকার লোভে মানবিক মূল্যবোধ কীভাবে পদদলিত হয়, তার এক নির্মম চিত্র ফুটে উঠেছে কাহিনিতে।

লেখক বলেন, “এই উপন্যাস কেবল একটি গল্প নয়; এটি সমাজের অপ্রকাশিত সত্যের প্রতিচ্ছবি। প্রান্তিক মানুষের আর্তনাদ, ন্যায়ের জন্য সংগ্রাম এবং অন্ধকারের বিরুদ্ধে লড়াই—সবই এতে উঠে এসেছে।”
বইটি প্রকাশ করেছে পরিবার প্রকাশনী। দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও আধুনিক মুদ্রণে প্রকাশিত ‘লাল মাটি’ পাওয়া যাচ্ছে বইমেলার ৮১৮ ও ৮১৭ নম্বর স্টলে।

লেখক পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের বইমেলায় এসে উপন্যাসটি সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়