নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট কাপ স্নুকারে চ্যাম্পিয়ন আজাদ ডায়মন্ড
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ২০তম প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনালে ঢাকা ক্লাবের জিয়াউর রহমান আজাদ ডায়মন্ড চ্যাম্পিয়ন হয়েছেন। রানারআপ হয়েছেন স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাবের ইঞ্জিনিয়ার হোসেন মো. তানিম তৌহিদ।
শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবের বিলিয়ার্ড ও স্নুকার রুমে অনুষ্ঠিত ফাইনালে ৭-৩ ফ্রেমের ব্যবধানে জয় পান আজাদ ডায়মন্ড।
১৩ ফ্রেমের ফাইনাল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেন নারায়ণগঞ্জ ক্লাবের তানিম তৌহিদ।
এবারের প্রতিযোগিতায় স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাব ছাড়াও ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, অল কমিউনিটি ক্লাব, ঢাকা বোট ক্লাব, কুমিল্লা ক্লাব ও ক্যাথলিক ক্লাবের মোট ৩২ জন খেলোয়াড় অংশ নেন।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ এম. সোলায়মানের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং ক্লাবের স্নুকার উপকমিটির আহ্বায়ক ও পরিচালনা পর্ষদের সদস্য উজ্জল হোসেনের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা স্নুকার খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াসম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।





































