২১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ২০ নভেম্বর ২০২৬

নাহার চেস একাডেমির নিজস্ব দাবা ভেন্যু উদ্বোধন

নাহার চেস একাডেমির নিজস্ব দাবা ভেন্যু উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় নিজস্ব দাবা ভেন্যু উদ্বোধন করেছে নাহার চেস একাডেমি। প্রায় চার কাঠা জমির ওপর নির্মিত এ ভেন্যুতে দাবাড়ুদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। একাডেমি কর্তৃপক্ষের দাবি, দেশে কোনো দাবা একাডেমির নিজস্ব ভেন্যু হিসেবে এটিই প্রথম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভেন্যুটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ‘এনসিএ দ্বিতীয় আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ জামান, নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ ও শিক্ষিকা নুরুন নাহার খানম।

নাহার চেস একাডেমির পরিচালক নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

একাডেমি সূত্রে জানা যায়, নতুন ভেন্যুতে দাবা খেলার হলরুম, অফিস কক্ষ, রান্নাঘর, বাথরুম ও খেলোয়াড়দের জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের আবাসনের জন্য একটি ডরমিটরি নির্মাণের কাজ চলছে।

২০০৭ সালে বগুড়ায় নাহার চেস একাডেমির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা জাতীয় দাবা বিচারক ও আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোহাম্মদ নাজমুল হাসান রুমির উদ্যোগে ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একাডেমি কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে প্রায় অর্ধশত আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ু তৈরি হয়েছেন। তাঁদের মধ্যে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ও রয়েছেন।

একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রুমি ১৯৯৯ সাল থেকে দাবা প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি বিবি মরিয়ম গার্লস হাই স্কুলে টানা ১০ বছর বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ দিয়েছেন। দাবা সংগঠনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে দেশসেরা দাবা সংগঠকের পুরস্কার পান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নিজস্ব ভেন্যু প্রতিষ্ঠার ফলে নারায়ণগঞ্জে দাবা প্রশিক্ষণ, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের সুযোগ আরও বাড়বে।

সর্বশেষ

জনপ্রিয়