বকেয়া বেতন না দিয়ে ছাঁটাই, ক্ষুব্দ শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধ না করে কয়েকজনকে ছাঁটাই করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান আম্বার বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকেরা।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে তারা ঘন্টাখানেক বিক্ষোভ করেন।
পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেন বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক।
তিনি বলেন, সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে ইউএনও, থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে আটটা থেকে কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। নয়টার দিকে তারা রূপসী-কাঞ্চন সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করা হয়। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক বলেন, চলতি বছরের ২৩ আগস্ট গ্যাসসংকটের কারণ দেখিয়ে তিন থেকে চার মাসের বেতন বকেয়া রেখেই কারখানাটি মালিকপক্ষ বন্ধ ঘোষণা করে বলে অভিযোগ করেছে শ্রমিকেরা। ২০ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেন বলে যোগ করেন তিনি।
ইউএনও বলেন, আমরা ঘটনারস্থানে গিয় শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।
আম্বার বোর্ড মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম শ্রমিকদের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন।





































