২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুর, ছুরিকাঘাতসহ মারধরে আহত ২

ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুর, ছুরিকাঘাতসহ মারধরে আহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের পর দুই যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাল, অভি ও সাগরসহ ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গলাচিপার নতুন মসজিদসংলগ্ন খগেন্দ্র নাথ চক্রবর্তী সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সোয়াইব হাসান আলিফ ও তাঁর বন্ধু মগবুল।

অভিযোগকারী সোয়াইব হাসান আলিফ জানান, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার দিন তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর নানার বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং তাঁর মাকে গালিগালাজ ও হয়রানি করেন বলে অভিযোগ তাঁর।

আলিফের দাবি, ঘটনার খবর পেয়ে তিনি ও তাঁর বন্ধু মগবুল বাড়ির উদ্দেশে রওনা হলে পথে তাঁদের গতিরোধ করে হামলা চালানো হয়। এ সময় মগবুলের ডান হাতে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর হাতের হাড় ভেঙে যায়। পরে তাঁকে মারধর করে রাস্তার পাশের ড্রেনে ফেলে রাখা হয়।

অন্যদিকে, আলিফের বাঁ হাতে লোহার রড দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে এক হামলাকারী ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় জামাল, অভি ও সাগরসহ অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আলিফ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “এই ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।”

সর্বশেষ

জনপ্রিয়