২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৮, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৯, ২১ নভেম্বর ২০২৬

বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু, আহত ২

বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু, আহত ২

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় যাত্রীবাহি অটোরিকশায় মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী শিশু সাইফানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুমী বেগম (২৫) ও খালা শারমিন বেগম (২৯) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফান বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় তোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মোজাম্মেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে বের হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেন। এতে অটোরিকশায় থাকা শিশু সাইফান ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হন তার মা ও খালা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি (পটুয়াখালী-ল-১১-০৮৬৬) আটক করেন। একই সঙ্গে চালক ইয়াসিন আরাফাতকে পুলিশের কাছে সোপর্দ করেন। ইয়াসিন সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার পিয়ার আলী মিয়ার ছেলে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়