ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের একজন মারা গেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাশা (৪০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান চিকিৎসক।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রাত ২টার দিকে রতন ডাইং কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তাঁরা। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।





































