সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের জায়গা দখল করে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের সরকারি জায়গা দখল করে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ উঠেছে শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মক্কিনগর মাদ্রাসাসংলগ্ন এলাকায় লেকের পাড়ের গ্রিল কেটে টিন ও কাঠ দিয়ে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ডিএনডি লেকের পাড়ের গ্রিল কেটে টিন ও কাঠ দিয়ে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, শাওন নামে এক ব্যক্তি স্থাপনাটি নির্মাণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন চুনা ব্যবসায়ী হিসেবে পরিচিত হযরতের মেয়ের জামাই। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ হযরতের চুনা কারখানায় অভিযান চালিয়ে গ্যাস মিটারে কারসাজির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করে।
এলাকাবাসীর অভিযোগ, স্থাপনাটি নির্মাণের সময় সিটি করপোরেশনের রোপণ করা গাছপালাও নষ্ট করা হয়েছে। পাশাপাশি স্থাপনাটিকে কেন্দ্র করে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বেড়েছে। এতে এলাকায় ইভটিজিংসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থাপনা নির্মাণের বিষয়ে আপত্তি জানানো হলে শাওন বলেন, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডিএনডি লেকের পাড়ে থাকা অন্য অবৈধ স্থাপনাগুলো ভাঙা হলে তাঁর স্থাপনাও ভেঙে দেওয়া যাবে।
এদিকে স্থানীয়দের তথ্যমতে, নির্মিত স্থাপনাটি ভাড়া দেওয়ার জন্য ৫০ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোনো দোকানে অবৈধ কার্যক্রম পরিচালনা বা মাদকসেবীদের আনাগোনার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি জায়গা দখল ও গাছপালা নষ্ট করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।





































