প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের কল্যাণে কাজ করে যাচ্ছেন: সানি
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ‘নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব (এনআরসিসি)’ আয়োজিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা।
শনিবার (১১ এপ্রিল) রাতে স্থানীয় ওসমানী স্টেডিয়ামের হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক-প্রকাশক ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।
নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে এবং দাবা সংগঠক নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান দিদার খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু এবং দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ডি এম মাইনুদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি মো. আব্দুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে একজন ক্রীড়াবিদ ছিলেন বলেই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ক্রীড়া খাতের উন্নয়নে সমানভাবে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের কল্যাণে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এই চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে চাইলে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও স্পন্সরের ব্যবস্থা করার চেষ্টা থাকবে।” একই সঙ্গে তিনি ওসমানী স্টেডিয়াম কমপ্লেক্সের অবহেলিত ও নোংরা পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮১ জন দাবাড়ু অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার রবিউল হোসেন এবং রানার আপ হন ঢাকার সানোয়ার হোসেন উল্লাস।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন। বক্তারা দাবার মতো মেধাবৃত্তিক খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।





































