বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মোগরাপাড়া চৌরাস্তা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে ত্যাগ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে বিএনপির এই ঐক্যই আমাদের মূল শক্তি।”
জনসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, মাসুম রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ, করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা ও আলিনুর বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































