নারায়ণগঞ্জে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু
নারায়ণগঞ্জ চেস একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৪ ও ১৫ আগস্ট নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার প্রতিভাবান ৩০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু জানান, দুই দিনব্যাপী এ দাবা টুর্নামেন্টে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ রাউন্ড সুইস সিস্টেমে পরিচালিত এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন এফএ মোহাম্মদ শামীম।
মেহেদী হাসান মিশু আরও জানান, ১৫ আগস্ট বিকেলে একই ভেন্যুতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জের প্রিন্সিপাল প্রফেসর মো. জহির উল্লাহ এবং চেস বাংলাদেশ ডটকমের সম্পাদক ও ক্রীড়া সংগঠক মোরসালিন আহমেদ।





































