০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:১১, ১ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ দূষণে ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা ক্ষতিপূরণ

পরিবেশ দূষণে ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা ক্ষতিপূরণ

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে এ ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্ষতিপূরণপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ফতুল্লার কুতুবপুরের নয়ামাটিতে অবস্থিত এবলুম ডিজাইন লিমিটেডকে ৬ লাখ ৭২ হাজার টাকা, রূপগঞ্জের কেশরাব এলাকার রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা, রূপগঞ্জের আটলাপুরের ট্রেডস ওয়ার্থ হাউজহোল্ড লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং সোনারগাঁয়ের মেঘনাঘাট নিউটাউনের বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ২ লাখ ৯৪ হাজার টাকা।

এ ছাড়া ফতুল্লার কাইয়ুমপুরের মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা, নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজারের কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা এবং বন্দরের কুড়িপাড়া মদনপুরের স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়