প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা বিএনপির র্যালি ও বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে র্যালি শেষে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ‘বিগত দিনে যেভাবে রাজপথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করেছিলাম, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।’
ফতুল্লা থানা বিএনপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দাবি করে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ। তবে দলের মধ্যে হাইব্রিড নেতাকর্মীদের প্রবেশ এবং তাদের মাধ্যমে গ্রুপিং তৈরির চেষ্টা চলছে।’ এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্ট সহ্য করেছেন। তারা আন্দোলন-সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন এবং বছরের পর বছর কারাগারে থেকেছেন।
তারা বলেন, ‘আজকে যদি আপনারা মনে করেন ১৭ বছর একটি দলের ছায়া থেকে আজকে সে আমার বিএনপির নেতৃত্ব দেবে, এটা ভুল ধারণা।’
বক্তারা আরও বলেন, বিএনপিতে যোগ দিয়ে দল করতে চাইলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





































