০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৯, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৩০, ১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকারের সমালোচনা করে বহিষ্কার কৃষক দল নেতা

বিএনপি সরকারের সমালোচনা করে বহিষ্কার কৃষক দল নেতা

বিদ্যমান বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বহিষ্কার হয়েছেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন ইকবাল। গত সোমবার (৩১ আগস্ট) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারাদেশটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশও করা হয়। সেখানে দলীয় শৃঙ্করা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

বহিষ্কৃত নেতা আলামিন ইকবাল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ একাউন্টে চলমান বিদ্যুৎ সংকট ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে স্ট্যাটাস দেন।

একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডিআইটি (এলাকায়) তিন ঘন্টা হলো টুকু (বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী) নেই। আমি কি অন্ধকারে জ্বালানি মন্ত্রীকে বকাবকি করতে পারি? মাননীয় স্পিকার?”

আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, “দেশের শৃঙ্খলা রক্ষার্থে স্বরাষ্ট্রমন্ত্রী চরমভাবে ব্যর্থ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম নাজুক সর্ব জান্তা।”

সরকারের সমালোচনা করে স্ট্যাটাস দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করেন আলামিন ইকবাল। তিনি বলেন, “গতকাল আমাকে দলের দপ্তর সম্পাদক ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলো, ‘আমি কেন ফেসবুকে সরকারের সমালোচনা করে লেখা লিখি?’ আমি বললাম, ‘দেশের বিদ্যুৎ আর আইনশৃঙ্খলা নিয়ে যা সত্য তাই লিখেছি। আমি আওয়ামী লীগ আমলেও সমালোচনা করে লিখতাম। সত্যটা লেখায় যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা যা শাস্তি দেয়ার দিয়ে দেন।”

এই আলাপের পর রাতে তাকে বহিষ্কার করা হয় বলে দাবি করেন কৃষক দলের ওই নেতা।

তবে, সংগঠনের এই সিদ্ধান্তে ক্ষুব্দ নন জানিয়ে আলামিন বলেন, “আমি ৫ আগস্টের পরে দলে যুক্ত হওয়া ব্যক্তি না। আওয়ামী লীগ আমল থেকে সাহসের সাথে বিএনপির রাজনীতি করেছি। আমি দলের পদ-পদবি বিক্রি করে চলা মানুষ না। দেশে গণতন্ত্র আছে, আমি সেই গণতন্ত্র বিশ্বাস করেই সমালোচনা করেছি।”

সর্বশেষ

জনপ্রিয়