১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২২, ১১ এপ্রিল ২০২৬

সাফজয়ী নারায়ণগঞ্জের হরিজন সম্প্রদায়ের সানি দাসকে সংবর্ধনা 

সাফজয়ী নারায়ণগঞ্জের হরিজন সম্প্রদায়ের সানি দাসকে সংবর্ধনা 

নারায়ণগঞ্জের কৃতী সন্তান, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী ফুটবলার সানি দাস দেশে ফিরেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। নিজ এলাকায় পা রাখার পর আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হন তিনি। কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ প্রণাম করেন—পুরো এলাকা যেন পরিণত হয় আবেগঘন মিলনমেলায়।

সানির সাফল্যে গর্বিত তার পরিবারও। বাবা রাজ্জাক দাস ও চাচা নয়ন দাসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মা মুক্তা রানী ছেলেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় ব্যান্ড-পার্টির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জনকারী হিসেবে সানি দাস এখন আলোচনায়। ইনজুরির কারণে ফাইনাল ম্যাচে খেলতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তাই স্থানীয়দের কাছে বাংলাদেশের এই জয় মানেই সানি দাসের জয়।

এলাকায় পৌঁছে সানি প্রথমে টানবাজার হরিজন কলোনির মন্দিরে প্রণাম করেন। পরে বঙ্গবীর একাডেমি ও তার কোচ আজমল হোসেন বিদ্যুতের উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। ছাদখোলা গাড়িতে করে টানবাজার মিনাবাজার, মণ্ডলপাড়া ব্রিজ ও নগরভবন এলাকা ঘুরে র‌্যালিটি জিমখানা মাঠে গিয়ে শেষ হয়।

জিমখানা মাঠে অবস্থিত বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমির খেলোয়াড়রা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। নাচ-গান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন খন্দকার বিদ্যুতের সহধর্মিণী সেলিনা খন্দকার, সহ-সভাপতি, কোচ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, “এই একাডেমি থেকে ইতোমধ্যে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলেছেন। তবে হরিজন সম্প্রদায় থেকে সানি দাসই প্রথম, যিনি এমন সাফল্য অর্জন করেছেন। আমরা চাই, সে দেশের শীর্ষ ক্লাবগুলোতে খেলার সুযোগ পাক।”

সংবর্ধনা পেয়ে সানি দাস বলেন, “আমি সত্যিই আনন্দিত। এভাবে সম্মাননা পাবো কখনো ভাবিনি। আমার স্বপ্ন জাতীয় দলে খেলা। আমার এই অর্জনের পেছনে পরিবার, কোচ ও সকল শুভাকাঙ্ক্ষীর অবদান রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।

সমাজের পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সানি দাস এখন তরুণদের অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

সর্বশেষ

জনপ্রিয়