খুদে খেলোয়াড়দের স্বপ্নপূরণে পাশে থাকার অঙ্গীকার দিদার খন্দকারের
শহরের জিমখানা মাঠে অবস্থিত বঙ্গবীর একাডেমী ক্লাব পরিদর্শন করেছেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার। বুধবার ৮ এপ্রিল বিকেলে তিনি একাডেমিতে গিয়ে খুঁদে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং একাডেমির কোচ, জাতীয় খেলোয়াড় আজমল হোসেন বিদ্যুতের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি একাডেমির সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, গরিব ও অসহায় পরিবারের যে সকল ছেলে-মেয়েরা এখানে খেলাধুলা শিখছে, তাদের প্রত্যেককে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এছাড়া যেসব খেলোয়াড় বুট ও বলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী কিনতে অক্ষম, তাদের জন্য এসব সরঞ্জাম সরবরাহেরও আশ্বাস দেন তিনি।
দিদার খন্দকার বলেন, “আমি সব সময় তোমাদের পাশে আছি। বাংলাদেশের খেলাধুলা একসময় একটি গোষ্ঠীর কাছে জিম্মি ছিল, এখন সেই অবস্থা থেকে মুক্ত হয়েছে। তামিম ইকবালের মতো খেলোয়াড়দের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও উন্নত পর্যায়ে পৌঁছাবে।”
তিনি আরও বলেন, খেলাধুলায় কোনো হিংসা-বিদ্বেষ থাকা উচিত নয়। একাডেমির কোচ আজমল হোসেন বিদ্যুতের প্রশংসা করে তিনি বলেন, “আজমল হোসেন বিদ্যুৎ আমার বন্ধু। তার ডাকে আমি সব সময় সাড়া দেবো। তোমরা খেলাধুলা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে—এটাই আমার প্রত্যাশা।”
এ সময় উপস্থিত খেলোয়াড় ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি ভবিষ্যতেও আর্থিক ও নৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।





































