সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের দাবি যুবদল নেতা সাগরের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা রাকিবুর রহমান সাগর। একই সঙ্গে মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়ানোর অভিযোগ তুলে তাঁদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন রাকিবুর রহমান সাগর। আড়াইহাজারের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় সাগর বলেন, “আমরা কোনো অপরাধীকে ছাড় দিতে রাজি নই। সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে বলেছি, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, প্রকৃতপক্ষে তাদের খুঁজে বের করতে হবে।”
তিনি আরও বলেন, “আমি দেখেছি, কিছু নিরপরাধ মানুষকে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা সেই নিরপরাধ মানুষদের শাস্তি দিতে চাই না। সত্যিকারের অপরাধীদের শাস্তি হবে, এ ব্যাপারে কোনো কথা নেই। মূল অপরাধীদের শনাক্ত করতে পারবেন আপনারাই।”
এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সাগর।
ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, “অপরাধী আমার ঘরের মানুষ হলেও ছাড় দিই না। আপনাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটি এতটাই খারাপ ও অমানবিক, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের এই বিষয়টি এখন শুধু সিদ্ধিরগঞ্জের নয়, এটি সারা দেশের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও উদ্বেগ প্রকাশ করেছেন।”
তিনি আরও বলেন, “যারা আপনাদের ঘর ভাঙচুর করেছে, তারা আপনার, আমার এই দেশের শত্রু, সকলের শত্রু। আপনাদের সঙ্গে তাদের ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই। এই ঘটনাকে কেউ কেউ রাজনৈতিকভাবে পুঁজি করে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে জড়িয়েছে।”
এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এই যুবদল নেতা।





































