মুসলিম উম্মাহর বিভক্তি নিয়ে আবদুল জব্বারের উদ্বেগ
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার বলেছেন, “নিজেদের মধ্যকার এই বিভক্তি ও কাদা ছোড়াছুড়ি মুসলিম উম্মাহকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সিটি পার্কে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার মুসলিম উম্মাহর মধ্যকার নানা মতভেদ, মতবাদ ও চিন্তার বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি সিরিয়া, লেবানন ও মিশরের বর্তমান পরিস্থিতির উদাহরণ টেনে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ সংঘাত ও বিভেদের চিত্র তুলে ধরেন। মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ তৈরির নানামুখী চক্রান্ত সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে আবুল আসাদ অনূদিত ‘ক্রুসেড’ গ্রন্থের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মুসলিমদের বিরুদ্ধে ঐতিহাসিক ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের চিত্র সেখানে স্পষ্টভাবে আলোচিত হয়েছে।
পাশাপাশি তিনি মুসলিম সমাজে ভোগবিলাস ও অহংকার পরিহার করে বিশ্বের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানো এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে ও সারোয়ারুল আলম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মো. জাকির হোসাইন।
সমাবেশে পাঠাগারের সদস্য, স্থানীয় সুধীজন ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





































