২৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ নভেম্বর ২০২৬

ডেভিডের মৃত্যুবার্ষিকীতে কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা

ডেভিডের মৃত্যুবার্ষিকীতে কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর শহরের মাসদাইর সিটি কেন্দ্রীয় কবরস্থানে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আজ মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিশনপাড়াবাসী, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছি। সময়ের প্রয়োজনে আজ মমিনউল্লাহ ডেভিডকে খুব প্রয়োজন ছিল। তিনি বেঁচে থাকলে ফ্যাসিস্ট ও অপশক্তির বিরুদ্ধে আরও সোচ্চার থাকতেন এবং মূল দল, যুবদল ও ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতো।”

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “১৯৯১ সাল থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন ও নারায়ণগঞ্জের গডফাদারদের সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মমিনউল্লাহ ডেভিড সোচ্চার ছিলেন। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ফ্যাসিস্ট হাসিনা ও গডফাদার শামীম ওসমান সংসদে দাঁড়িয়েও তাঁকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন। যতদিন পৃথিবী থাকবে, মমিনউল্লাহ ডেভিড আমাদের স্মৃতিচারণ ও কর্মকাণ্ডে বেঁচে থাকবেন।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, “নারায়ণগঞ্জে গডফাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, তার মূলে নেতৃত্ব দিয়েছেন মমিনউল্লাহ ডেভিড। আমরা তাঁর হাত ধরেই রাজনীতিতে এসেছি এবং তাঁর সাহচর্যে সাহসিকতার পরিচয় পেয়েছি। তিনি ছিলেন সাহসের বাতিঘর ও পাহাড়সম ব্যক্তিত্ব। ঝুঁকিপূর্ণ কোনো কর্মসূচিতে তিনি কখনো ছোটদের সামনে এগিয়ে দিতেন না, বরং নিজেই সব প্রতিরোধ করতেন।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে রাজনীতির মাঠে মমিনউল্লাহ ডেভিডের শূন্যতা নারায়ণগঞ্জবাসী গভীরভাবে উপলব্ধি করে। তিনি নারায়ণগঞ্জ বিএনপির অবিচ্ছেদ্য অংশ। তাঁর দেখানো সাহসী পথ অনুসরণ করেই নারায়ণগঞ্জের মানুষের অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উত্তরসূরিরা আজও মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মিশনপাড়া এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

২০০৪ সালের ২৪ নভেম্বর রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যান মমিনউল্লাহ ডেভিড। সে সময় র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বন্দুকযুদ্ধের সময় তাঁর মৃত্যু হয়েছে। পরে তাঁকে মাসদাইর সিটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়