২৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৩, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩৪, ২৩ নভেম্বর ২০২৬

ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা

ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা

নারায়ণগঞ্জের এক সময়ের আলোচিত যুবদল নেতা মমিনউল্লাহ লিটন ওরফে ডেভিডের মৃত্যুর ২২ বছর পূর্ণ হচ্ছে মঙ্গলবার (২৪ নভেম্বর)। প্রতিবছর পরিবারের সদস্য ও অনুসারীরা দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ডেভিডকে স্মরণ করেন।

স্থানীয়রা জানান, ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়া এই যুবক একসময় জড়িয়ে পড়েন রাজনীতিতে। এরপর হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও আধিপত্য বিস্তারের নানা অভিযোগে তাঁর নাম উঠে আসে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

২০০৪ সালের ২৪ নভেম্বর রাজধানীর মালিবাগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যান ডেভিড।

মৃত্যুর পরদিন ২৫ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রে তাঁর মৃত্যুর খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। সবগুলো পত্রিকার প্রথম পাতায় ‘সন্ত্রাসী ডেভিড ক্রসফায়ারে নিহত’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই সময় তিনি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

তৎকালীন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেভিডের বিরুদ্ধে অন্তত ৩১টি মামলা ছিল। এর মধ্যে সাতটি হত্যা মামলা। নারায়ণগঞ্জে র‍্যাবের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা দুজনের একজন ছিলেন তিনি।

স্থানীয় একাধিক সূত্র বলছেন, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা মমিনউল্লাহ লিটন ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী ছিলেন। স্থানীয়ভাবে ক্রিকেটার হিসেবে তাঁর পরিচিতি ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড বুনের ব্যাটিং অনুসরণ করতেন তিনি। এ কারণে পরিচিতজনেরা তাঁকে ‘ডেভিড’ নামে ডাকতে শুরু করেন। পরবর্তী সময়ে এই নামেই তিনি পরিচিত হয়ে ওঠেন।

তবে ক্রিকেটের পরিচিতি ছাপিয়ে আশির দশকের শেষ দিকে রাজনৈতিক সংঘাতের ঘটনায় তাঁর নাম সামনে আসে। ১৯৮৮ সালে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও মিশনপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে কামাল আহমেদ ও আবুল কালাম নামে দুজন নিহত হন। ওই সংঘর্ষে মিশনপাড়া পক্ষের নেতৃত্বে ডেভিড ছিলেন বলে তখন অভিযোগ ওঠে।

এরপর তৎকালীন ক্ষমতাসীন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন ডেভিড। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমানের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাঁর প্রভাব বাড়তে থাকে। ওই সময় নাসিম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও প্রকাশিত হয়।

পরবর্তীতে ১৯৯০ সালে বিএনপি ক্ষমতায় আসার সময় ডেভিড দলটির রাজনীতিতে যুক্ত হন। এরপর নারায়ণগঞ্জে তাঁর প্রভাব আরো বাড়তে থাকে। দল বদলের পর নাসিম ওসমানের ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়।

নব্বইয়ের দশকে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ডেভিডের নাম উঠে আসে। একই সঙ্গে পরিবহন খাত, ব্যবসাপ্রতিষ্ঠান ও ঝুট ব্যবসায় চাঁদাবাজির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডেভিড আত্মগোপনে যান। ওই সময় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ১২ বার গ্রেপ্তার করা হয়।

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জে ডেভিড আবার নিজের অবস্থান শক্ত করেন। সরকারদলীয় তৎকালীন একজন মন্ত্রী ও বিএনপির একজন সংসদ সদস্যের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি এলাকায় আধিপত্য বিস্তার করেন বলে তখন আলোচনা ছিল।

এদিকে, বিএনপি সরকার ওই মেয়াদকালে সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করলে ২০০৪ সালের ২৪ নভেম্বর রাতে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে র‍্যাবের অভিযানে নিহত হন ডেভিড।

পরদিন প্রকাশিত পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ওই দিন রাত ৮টার দিকে ঢাকা মেট্রো-ঘ-১১-১৬৯১ নম্বরের একটি বিলাসবহুল জিপে করে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। র‍্যাবের একটি দল যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁর গাড়ি অনুসরণ করতে থাকে।

আগাম তথ্যের ভিত্তিতে র‍্যাবের আরও ২০ সদস্য মালিবাগ কমিউনিটি সেন্টারের কাছে অবস্থান নেন। রাত ৯টার দিকে র‍্যাব সদস্যদের সড়কে অবস্থান করতে দেখে ডেভিড গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন।

তৎকালীন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলজার উদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, গাড়ি ঘুরিয়ে অল্প দূর যাওয়ার পর সামনে র‍্যাবের আরেকটি গাড়ি দেখতে পান ডেভিড। এ সময় তিনি জিপ থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কয়েক গজ যাওয়ার পর র‍্যাব সদস্যরা তাঁকে ঘিরে ফেলেন।

ওই সময় র‍্যাবের দাবি ছিল, ঘেরাও হওয়ার পর ডেভিড পিস্তল থেকে তিনটি গুলি ছোড়েন। জবাবে র‍্যাব সদস্যরা পাল্টা গুলি চালান। এতে তাঁর বুক ও পেটে দুটি গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

র‍্যাব ঘটনাস্থল থেকে জার্মানিতে তৈরি একটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধারের কথা জানায়।

তৎকালীন সংবাদ প্রতিবেদনে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে আরও বলা হয়, ঘটনার সময় ডেভিডের জিপ থেকে এক পুরুষ ও এক নারী নেমে মালিবাগ রেললাইনের পাশের বস্তির দিকে চলে যান।

অভিযানের পর রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ রাখে র‍্যাব। রাত ১১টা ৪০ মিনিটে ডেভিডের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রের বরাতে সে সময় বলা হয়, ২০০৪ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জে র‍্যাবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডেভিডকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মৃত্যুর কয়েক মাস আগে একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন ডেভিড।

তাঁর মৃত্যুর পর নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় তাঁর বাড়ি পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘিরে রাখেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মমিনউল্লাহ ডেভিডকে নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

ডেভিডের মৃত্যুর পর তাঁর রাজনৈতিক সম্পর্ক ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিরোধ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার কথা উল্লেখ করা হয়।

ক্রিকেটার হিসেবে পরিচিতি থেকে রাজনীতিতে উত্থান, এরপর হত্যা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে শীর্ষ সন্ত্রাসীর তকমা এবং শেষ পর্যন্ত র‍্যাবের গুলিতে মৃত্যু—মমিনউল্লাহ ডেভিডের জীবন ও মৃত্যুর ঘটনা ২২ বছর পরও নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাসে আলোচিত হয়ে আছে। রাজনৈতিক জীবনের নানা বিতর্কের পাশাপাশি অনুসারীদের কাছে তিনি আজও স্মরণীয় একটি নাম।

সর্বশেষ

জনপ্রিয়