২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১০, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১০, ২৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি আজাদের পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা

সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি আজাদের পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে এ সহায়তা দেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা রাকিবুর রহমান সাগর।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন তিনি।

এ সময় রাকিবুর রহমান সাগর বলেন, “অপরাধী আমার ঘরের মানুষ হলেও ছাড় দিই না। আপনাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটি এতটাই খারাপ ও অমানবিক, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের এই বিষয়টি এখন শুধু সিদ্ধিরগঞ্জের নয়, এটি সারা দেশের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও উদ্বেগ প্রকাশ করেছেন।”

তিনি আরও বলেন, “যারা আপনাদের ঘর ভাঙচুর করেছে, তারা আপনার, আমার এই দেশের শত্রু, সকলের শত্রু। আপনাদের সঙ্গে তাদের ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই। এই ঘটনাকে কেউ কেউ রাজনৈতিকভাবে পুঁজি করে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে জড়িয়েছে। আমরা কোনো অপরাধীকে ছাড় দিতে রাজি নই। সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে বলেছি, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, প্রকৃতপক্ষে তাদের খুঁজে বের করতে হবে।”

মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়ানোর অভিযোগ তুলে সাগর বলেন, “আমি দেখেছি, কিছু নিরপরাধ মানুষকে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা সেই নিরপরাধ মানুষদের শাস্তি দিতে চাই না। সত্যিকারের অপরাধীদের শাস্তি হবে, এ ব্যাপারে কোনো কথা নেই। মূল অপরাধীদের শনাক্ত করতে পারবেন আপনারাই।”

পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান যুবদলের এই নেতা।

এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়