১১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৪, ১১ নভেম্বর ২০২৬

মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব নিলেন মুক্তি

মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব নিলেন মুক্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহিনা ইসলাম মুক্তি। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

এর আগে কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ায় মহানগর আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেন শওকত আলি। পরে তিনি দলের ঢাকা বিভাগীয় জোনের দায়িত্ব নেন।

মতবিনিময় সভায় বিদায়ী আহ্বায়ক শওকত আলি বলেন, “কেন্দ্রীয় নীতি অনুযায়ী আমরা একাধিক পদ ধরে রাখতে চাই না। সেই হিসেবে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি দীর্ঘদিন ধরে এনসিপির সাথে আছেন এবং জুলাই আন্দোলনে শহীদ-আহতদের পরিবারকে সহযোগিতা করেছেন, সেই শাহিনা ইসলাম মুক্তি এখন থেকে মহানগর আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ওনার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জের প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এনসিপির রাজনীতিকে আরও সমৃদ্ধ করবে।”

দায়িত্ব গ্রহণের পর শাহিনা ইসলাম মুক্তি বলেন, “আমি এনসিপির কোনো ভাইটাল পদে যাওয়ার কথা কখনো চিন্তা করিনি। ছোটদের ভালোবেসে এই দলের সাথে আছি। অনেকেই মনে করেন ফ্যাসিবাদ শুধু রাজনৈতিক দলের মাধ্যমেই শেষ হয়েছে, কিন্তু এটি আসলে আপামর জনতার এক মহাবিপ্লব ছিল। যারা মাঠে নেমেছিল, তাদের অনেকে সাধারণ মানুষ। নারায়ণগঞ্জে এনসিপির চাঁদাবাজি বা সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা কোনো দলের সাথে সংঘাতে জড়াতে চাই না, সবার সাথে মিলেমিশে মানবিক ও সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিএনপির প্রতি আমার কোনো ক্ষোভ বা অভিমান নেই। আমার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা নেতার সাথে কাজ করেছেন, আমিও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ের কিছু অরাজকতা ও বিশৃঙ্খলা দেখে মনে হয় বিএনপিকে পেছনের কেউ চালিত করছে। তবে এ নিয়ে বিরোধে না গিয়ে আমরা চাই তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে সাথে নিয়ে সততার সাথে দেশ ও সমাজ গঠনে কাজ করতে। সাংবাদিক ভাইদের অনুরোধ করব, কোনো তথ্য যাচাই না করে বানোয়াট সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি তৈরি না করতে।”

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্যসচিব আশিকুর রহমান রবি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলু রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের, কেন্দ্রীয় নারী শক্তির সংগঠক লুবনা, ছাত্রশক্তির মহানগর আহ্বায়ক আলামিন ইসলাম, যুবশক্তির মহানগর আহ্বায়ক রাইসুল ইসলাম, বন্দর থানা এনসিপির আহ্বায়ক শুভ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদা সুলতানা এবং মহানগর সহসাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া। এ ছাড়া এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়