০৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৪, ৮ নভেম্বর ২০২৬

জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে: জব্বার

জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে: জব্বার

জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেছেন, দেশের মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও দুর্নীতি ও অনিয়মের সংস্কৃতি দূর হয়নি। সাধারণ মানুষ ভাত বা অনুদান চায় না, তারা চায় জীবনের নিরাপত্তা, শান্তি ও আইনের শাসন। কেউ অপরাধ করলে তার জায়গা হবে জেল ও থানায়, আর ভালো মানুষ থাকবে নিরাপদে—এটাই জনগণের প্রত্যাশা।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সমাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে আবদুল জব্বার বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে দাম বেশি রাখা হচ্ছে। এর পেছনে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সিটি করপোরেশনের উন্নয়নকাজের সমালোচনা করে তিনি বলেন, ১৫ দিন আগে নির্মাণকাজ শেষ হওয়া ফুটপাতের স্লাব ভেঙে পড়ছে। অতীতে রডের বদলে বাঁশ ব্যবহারের কথা শোনা গেলেও এখন কী ব্যবহার করা হচ্ছে, তা আল্লাহই ভালো জানেন। ২০ কোটি টাকা বরাদ্দের পরও এমন অবস্থা হলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবে।

জামায়াতের এই নেতা বলেন, এত জীবন ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর দেশবাসীকে নতুন করে ভালো কিছুর সিদ্ধান্ত নিতে হবে। জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তাঁদের কথা ও কাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।

মাদক নির্মূলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবদুল জব্বার বলেন, যারা মুখে মাদক নিয়ন্ত্রণের কথা বলেন, অথচ নিজেরাই এর সঙ্গে জড়িত থেকে ব্যবসা করেন, তাঁদের মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব নয়। জামায়াতে ইসলামী কাউকে মাদক গ্রহণ করতে দেবে না এবং নিজেরাও মাদকের সঙ্গে জড়াবে না। সমাজে কোনো ধরনের জুলুম বরদাস্ত করা হবে না এবং কাউকে জুলুম করতেও দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নাগরিকেরা এমন একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ চান, যেখানে অপরাধীরা বীরদর্পে ঘুরে বেড়াতে পারবে না এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না।

সভায় থানা আমীর আবুল কালামের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়