সাংবাদিকদের সঙ্গে জাগো ফাউন্ডেশনের মতবিনিময় সভা
নারায়ণগঞ্জে ‘সমতার তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সামাজিক বৈষম্য দূরীকরণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর কলেজ রোডে জেলা পরিষদের ডাকবাংলোর সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘সমতার তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশজুড়ে যুব ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার এবং বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজের প্রতিনিধি ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের অংশগ্রহণে সংলাপের মাধ্যমে সমাজে বিদ্যমান নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ চিহ্নিত করা এবং তা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা প্রণয়ন করাও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেন্ডারভিত্তিক বৈষম্য, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের নেতিবাচক ধারণা দূর করতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু এবং নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, আসলাম মিয়া, সোনিয়া দেওয়ান প্রীতি, কাজী আনিসুল হক হীরা, কাওসার হোসেন, জিকে রাসেল, সাজ্জাদ আহমেদ খোকন, ওয়ারদে রহমান, সুজন, লিটন, আবুল বাসার সাইফুল ও মমতাজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।





































