১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতার সাত দিনের রিমান্ড আবেদন

ফতুল্লায় গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতার সাত দিনের রিমান্ড আবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা হাবিবুর রহমান হাবিব (৫৫) ও সাইফুল ইসলাম খোকনকে (৪৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে এবং দাপা বেপারীপাড়া এলাকা থেকে সাইফুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম খোকনের সঙ্গে রাজধানী ঢাকাসহ ভারত ও বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নারায়ণগঞ্জ ও ফতুল্লার শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের মধ্যে যোগাযোগ হতো বলে দাবি করেছে পুলিশের ওই সূত্র।

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব ফতুল্লার কাশীপুর হাটখোলা দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনছার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক।

অপর গ্রেপ্তার সাইফুল ইসলাম খোকন ফতুল্লার দাপা বেপারীপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়