ব্যবসায়ীদের হয়রানির কথা তুলে ধরেছি, ভুল ব্যাখ্যা হচ্ছে: মাসুদ
পোশাক খাতে ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে সরকারি দপ্তরগুলোর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ নিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
তার এই বক্তব্যকে ‘ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে’ দাবি করে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফেসবুকে তিনি লেখেন, “আমি দেখতে পাচ্ছি, আমার বক্তব্য মূল প্রেক্ষাপট থেকে আলাদা করে খণ্ডিতভাবে তুলে ধরা হচ্ছে। এতে আমার অবস্থান নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি করা হচ্ছে। সবার প্রতি অনুরোধ, পুরো বক্তব্যটি শুনে তার প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা করুন।”
স্ট্যটাসে মাসুদুজ্জামান বলেন, “সরকারি বিভিন্ন দপ্তরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তারা যে বাধার মুখে পড়েন, একজন ব্যবসায়ী হিসেবে আমি সে কথাই তুলে ধরেছি। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন।”
“প্রকৃতপক্ষে, ১৯৭১ সালের পর থেকেই ঘুণে ধরা, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দেশের প্রশাসনিক ব্যবস্থা ও অর্থনীতিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই সংকট কোনো একক সরকারের তৈরি নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এটি বিএনপি সরকারেরও সমস্যা নয়। মাত্র আট-নয় মাস দায়িত্ব পালন করা একটি সরকারকে এই দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাঠামোগত সংকটের জন্য দায়ী করাও যৌক্তিক নয়। এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান জরুরি। যদিও অনেক সৎ আমলাও আছেন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য অর্জনে নতুন কাজের সুযোগ তৈরির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থানও রক্ষা করতে হবে। সংকটে থাকা শিল্পকারখানা সচল রাখা না গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। যাঁরা এখন কাজ করছেন, তাঁদের জীবিকাও ঝুঁকিতে পড়বে। এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।”
মাসুদ বলেন, “আমার বক্তব্যকে কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন হিসেবে রাজনৈতিক ব্যাখ্যা করা হচ্ছে। অথচ আমি যে বিষয়গুলো সামনে আনতে চেয়েছি, সেগুলো খুবই স্পষ্ট। সরকারি দপ্তরে ব্যবসা পরিচালনার বাধা দূর হোক, দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তন হোক, শিল্পকারখানা সচল থাকুক এবং মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হোক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এক কোটি কর্মসংস্থান তৈরির পথে যেসব বাধা আছে সেসব বাধা দূর করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”
“সবার আগে বাংলাদেশ,” লিখে স্ট্যাটাস শেষ করেন মডেল গ্রুপের এ ব্যবস্থাপনা পরিচালক।





































